Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ২০ অক্টোবর, ২০২২

গোলাপগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নাজিম উদ্দিন (৪৮) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার মামুরাখানি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। নিহত ব্যক্তির পকেটে থাকা এনআইডি কার্ড থেকে এ তথ্য জানা যায়।

স্থানীয়রা সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মিনা কমিউনিটি সেন্টারের সামনে হঠাৎ দেখতে পান একটি মোটরসাইকেল (সিলেট-হ ১৪-৫১৭৪) দুর্ঘটনার শিকার হয়েছে। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে আসলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে দেখতে পান। পরে তারা গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে কোন গাড়ির সাথে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি। দুর্ঘটনায় নিহত ব্যক্তির শরীর বিভিন্ন অংশ থেতলে যায়।

গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথী দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশ থানায় নিয়ে আসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.