Sylhet Today 24 PRINT

সিত্রাংয়ের প্রভাব: সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: |  ২৪ অক্টোবর, ২০২২

প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব পড়েছে সিলেটেও। রোববার শেষ রাত থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সোমবার দিনে ও রাতে অব্যাহত রয়েছে। মাঝেমধ্যে বাড়ছে বৃষ্টি ও বাতাসের গতিবেগ।

হিম বাতাতের কারণে জনজীবনে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাস্তাঘাটে সোমবার দিনে যানচলাচলও ছিল সীমিত।

সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হলেও ৪টার পর থেকে শুধু বাতাস বইতে শুরু করে। এ অঞ্চলে সোমবার সারাদিন সুর্যের দেখা মিলেনি।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে সিলেটের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হচ্ছে। একই সাথে তাপমাত্রাও কমেছে। বুধবার সিলেট অঞ্চলে একই অবস্থা থাকতে পারে বলে জানান সাঈদ আহমদ চৌধুরী।

এদিকে সোমবার আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর-দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাবে। সিলেট ও চট্টগ্রাম এলাকায় আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.