নিজস্ব প্রতিবেদক: | ২৫ অক্টোবর, ২০২২
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে যাওয়া রেললাইনে গাছ পড়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ চার ঘণ্টা বন্ধ ছিল।
আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে গাছ পড়ার পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
রেললাইনে গাছ পড়ার কারণে শ্রীমঙ্গল স্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ও সাতগাঁও স্টেশনে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস আটকা পড়ে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের যাত্রী সুমন মিয়া বলেন, প্রায় ৩ ঘণ্টা ধরে শ্রীমঙ্গল স্টেশনে বসে আছেন। বসে বসে বিরক্ত হয়ে গেছেন। রেললাইনে একটা গাছ পড়ার কথা শুনেছেন। কিন্তু সরাতে এত সময় লাগছে! সিলেটে অনেক জরুরি কাজ আছে। এখন আটকা পড়ে বিপদেই আছেন।
গাছ সরানোর পর রাত সোয়া ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয় বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন।