Sylhet Today 24 PRINT

সিলেটের লালবাজারে ১৫০ কেজির বাঘাইড়

নিজস্ব প্রতিবেদক: |  ২৫ অক্টোবর, ২০২২

সিলেট নগরীর বন্দরবাজারে অন্যতম মাছের বাজার লালবাজারে দেখা গেল বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ।

মঙ্গলবার সকালে বিক্রির জন্য লালবাজারে ১৫০ কেজি ওজনের মাছটি নিয়ে আসেন মৎস ব্যবসায়ী বিলাল মিয়া। এ সময় বড় মাছ আসার খবর শুনে বাজারে ভিড় জমান অনেকে।

তবে মঙ্গলবার মাছটি বিক্রি না করে বুধবার কেটে ২ হাজার টাকা কেজি ধরে বিক্রি করবেন বলে জানিয়েছেন বিলাল। ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীতে মাছটি ধরা পড়ে সোমবার রাতে।

বিলাল মিয়া জানান, কুশিয়ারা নদী থেকে এক মাছ শিকারীর কাছ থেকে বাঘাইড়টি কিনে এনেছেন। মঙ্গলবার যারাই খবর পেয়ে এসেছেন তাদেরকে বুধবার সকালে আসার জন্য বলা হয়েছে। মাছটি কেটে বিক্রি করলে আড়াই থেকে ৩ লাখ টাকা পাবেন বলে আশা করছেন বিলাল।

প্রসঙ্গত, এর আগে গত বছরের ২৩ মার্চ একই নদীতে ৩০০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ে। এ ছাড়া চলতি বছরের ১২ জানুয়ারি সুরমা নদীতে ১২০ কেজি ওজনের আরেকটি বাঘাইড় মাছ ধরা পড়ে। প্রায় প্রতি বছরই সুরমা ও কুশিয়ারা নদীতে বড় সাইজের একাধিক বাঘাইড় ধরা পড়ে বলে জানিয়েছেন মৎসজীবীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.