Sylhet Today 24 PRINT

গরিব রাষ্ট্রে ধর্ম ভীরুতা বেশি

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০১৫

ধনী রাষ্ট্রগুলোর তুলনায় গরিব রাষ্ট্রগুলোর মধ্যে ধর্ম ভীরুতা বেশি। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের লোকজনের মতাদর্শ কিছুটা ভিন্ন হলেও সময়ের পরিবর্তনের সঙ্গে সেখানেও কমছে ধর্ম ভীরুতা। সম্প্রতি পিউ রিসার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য।

বিশ্বের দেশগুলোকে মাথাপিছু আয় অনুযায়ী ছয়টি ভাগে ভাগ করে সেসব দেশের লোকজনদের ধর্মে বিশ্বাসকে সমন্বয় করে প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এসব দেশের লোকজনের ধর্ম বিশ্বাসের প্রতি লক্ষ্য করলে দেখা যাচ্ছে, ইথিওপিয়ার লোকদের মধ্যে ধর্মে বিশ্বাসীদের সংখ্যা ৯৮ শতাংশ, সেনেগালে ৯৭ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৯৫ শতাংশ, উগান্ডায় ৯৪ শতাংশ, বারকিনা ফুসোতে ৯২ শতাংশ এবং তানজানিয়ায় ৯০ শতাংশ।
তবে আয় কম হলেও ধর্মে বিশ্বাসীদের সংখ্যা কম এমন দেশের মধ্যে রয়েছে ভিয়েতনাম, ইউক্রেন, চীনের মতো দেশগুলো।

প্রতিবেদনে দেখা যাচ্ছে চীনের মাথাপিছু আয় ১০ থেকে ২০ হাজার ডলারের মধ্য হলেও ধর্মে বিশ্বাসীদের সংখ্যা তিন শতাংশ। ভিয়েতনামের ধর্মে বিশ্বাসীদের সংখ্যা ২৮ শতাংশ এবং দেশটির মাথাপিছু আয় ১০ হাজার ডলারের চাইতে কম। অপরপক্ষে একই রকম মাথাপিছু আয় নিয়ে ইউক্রেনে ধর্মে বিশ্বাসীদের সংখ্যা ২২ শতাংশ।

এতে দেখা গেছে, যেসব দেশের মাথাপিছু আয় বাৎসরিক ০ (শূন্য) থেকে ১০ হাজার ডলারের কম সেসব দেশে ধর্মে বিশ্বাসীদের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রতিবেদনে উল্লেখিত দেশগুলোর মধ্যে সবচেয়ে কম মাথাপিছু আায়ের দেশের মধ্যে রয়েছে- ইথিওপিয়া, সেনেগাল, বারকিনা ফুসো, উগান্ডা, তানজানিয়া, কেনিয়াসহ আরও বেশ কিছু দেশ। এসব দেশের মাথাপিছু আয় ০ (শূন্য) থেকে ১০ হাজার ডলারের মধ্যে।

প্রতিবেদনে বিপরীত চিত্র দেখা গেছে মালয়েশিয়ার ক্ষেত্রে। দেশটির মাথাপিছু আয় ২০ থেকে ৩০ হাজার ডলারের মাঝামাঝি হলেও ধর্মে বিশ্বাসীদের সংখ্যা ৮৪ শতাংশ। অপরদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে মাথাপিছু আয়ের পরিমাণ ৫০ থেকে ৬০ হাজার ডলারের মধ্যে হলেও দেশটির ধর্মে বিশ্বাসীদের সংখ্যা ৫৩ শতাংশ।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতের মাথাপিছু আয় ০ (শূন্য) থেকে ১০ হজার ডলারের মধ্যে এবং দেশটিতে ধর্মে বিশ্বাসীদের সংখ্যা ৮০ শতাংশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.