Sylhet Today 24 PRINT

বড়লেখায় চাচা-ভাতিজার লড়াই

পৌর নির্বাচন ২০১৫

তপন কুমার দাস, বড়লেখা |  ২৪ ডিসেম্বর, ২০১৫

ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ বদলে গেছে রাজনীতির মাঠে। নির্বাচনে একই পদে প্রার্থিতা করবেন একই পরিবারের একাধিক সদস্য। ভোটের লড়াই প্রভাব ফেলেছে সম্পর্কের সীমানায়। প্রকাশ্য হচ্ছে পারিবারিক কোন্দল, তৈরি হচ্ছে টানাপড়েন।

এবার পৌর নির্বাচনে দেশের বিভিন্ন পৌরসভায় ভোটকে সামনে রেখে মেয়র কিংবা কাউন্সিলর পদে মামার বিপক্ষে মামি কিংবা ভাগ্নে, চাচার বিপক্ষে ভাতিজার, ভাইয়ের বিপক্ষে ভাই, এমনকি জামাইয়ের বিপক্ষে শ্বশুর আছেন মাঠে। তেমনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এবার লড়াই হচ্ছে চাচা ও ভাতিজার।

পৌর কাউন্সিলার পদে চাচা ভাতিজার উট পাখি আর পাঞ্জাবী প্রতীকের লড়াই জমে উঠেছে। ভাতিজা আবুল হাসনাত রিপন তার বাবার কাউন্সিলার পদ পুনরুদ্ধারে আর চাচা আব্দুল মতিন বর্তমান কাউন্সিলার পদটি ধরে রাখতে নির্ঘুম প্রচারণা চালাচ্ছেন।

জানা গেছে, এবার পৌরসভার ৩নং ওয়ার্ডে বারইগ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা চাচা আব্দুল মতিন কাউন্সিলর পদপ্রার্থী। তিনি পৌরসভার ২ বারের নির্বাচিত কাউন্সিলর।

আর অন্যদিকে আব্দুল মতিনের বড়ভাই প্রাক্তন ইউপি সদস্য ও পৌর কাউন্সিলর মরহুম আব্দুস সাত্তারের ছেলে উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ. আবুল হাসনাত রিপন লড়ছেন চাচার বিরুদ্ধে।

গত ৬ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইকালে তাদের দুজনের মনোনয়নপত্র বৈধ হয়। দুজনের মনোনয়নপত্র বৈধ হওয়ায় বিপাকে পড়েছেন তাদের আত্মীয়-স্বজনরা।

এ ব্যাপারে ভাতিজা আবুল হাসনাত রিপন জানান, এখন সময় যুবকদের, এলাকার যুবকরাসহ নেতৃস্থানীয় লোকজন আমার পক্ষে আছে। তাই আমি বিপুল ভোটে বিজয়ী হব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.