জগন্নাথপুর প্রতিনিধি: | ৩০ অক্টোবর, ২০২২
জগন্নাথপুরে তরুণীকে উত্যক্তের প্রতিবাদ করায় সংঘর্ষের ঘটনায় আহত মিজান মিয়া (১৮) নামে এক স্কুল ছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মিজান মিয়া উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
শনিবার (২৯ অক্টোবর) সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়- গত বুধবার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে ভোট তুলতে যান স্কুলছাত্র মিজান মিয়া। এ সময় এক তরুণীকে নতুন কসবা গ্রামের কয়েকজন বখাটে উত্যক্ত করছিল। বখাটেদের এমন কাণ্ড দেখে মিজান প্রতিবাদ করলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিজান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়েছে বলে জানান মিজানের পরিবারের লোকজন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৌখিকভাবে ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি।