Sylhet Today 24 PRINT

জেলে বসে ‘পরিকল্পনা’, জামিনে বের হয়ে ডাকাতি

মাধবপুরে গ্রেপ্তার ৩

মাধবপুর প্রতিনিধি: |  ৩১ অক্টোবর, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ ডাকাত সজল মিয়া (৩০) সহ ৩ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে। উপজেলার ধর্মঘর ইউনিয়নে রসুলপুর গ্রামে রুসন আলীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত টাকা উদ্ধার করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া ৩ ডাকাতকে রিমান্ডে নিতে আবেদন করা হয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) ভোররাতে মধ্য বেজুড়া থেকে সজলকে গ্রেপ্তার করা হয়।

এরআগে রোববার ভোর রাতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ভাদুঘর গ্রামের তকদির (৩৫) এবং একই গ্রামের হেলাল মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, ও হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলের চিহ্নিত ডাকাত দলকে পুলিশ গ্রেপ্তার করে বিভিন্ন মামলায় হবিগঞ্জ জেল হাজতে পাঠায়। এসব অঞ্চলের ডাকাতরা হবিগঞ্জ কারাগারে একত্রিত হয়ে পরিকল্পনা করে জামিনে বের হয়ে তারা বিভিন্ন অঞ্চলে ডাকাতির সংঘটিত করবে। পরিকল্পনা মতে ডাকাতদল জামিনে মুক্ত হয়ে কিছুদিন আগে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে হবিগঞ্জের বাহুবল উপজেলার কামাইছড়া, ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর ও একই জেলার নাসিরনগর উপজেলা এবং মাধবপুর উপজেলার রসুলপুরে ডাকাতি সংঘটিত করে। গ্রেপ্তার ডাকাতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জেলে বসে ডাকাতির পরিকল্পনার কথা জানা গেছে। একযোগে হঠাৎ করে ৩ জেলায় ডাকাতি শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রসুলপুর গ্রামে ডাকাতির ঘটনায় পুলিশ আন্তঃজেলা ডাকাতদলের ৩ ডাকাতকে গ্রেপ্তার, দেশীয় অস্ত্র ও লুণ্ঠিত টাকা উদ্ধার এবং ডাকাতির ক্লো উদঘাটন করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার ডাকাতদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আসামিদের রিমান্ডের আবেদন করা হয়েছে। এছাড়া ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.