মৌলভীবাজার প্রতিনিধি | ২৫ ডিসেম্বর, ২০১৫
মৌলভীবাজারে বিএনপিপন্থী ২ আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার আইনজীবী সমিতির ৩ নং মিলনায়তনে এ ঘটনা ঘটে। এনিয়ে পুরো শহরে তোলপাড় শুরু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও উপস্থিত আইনজীবীরা জানান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সৈয়দ মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী সৈয়দ ফয়সল আহমদের একটি মামলা সংক্রান্ত বিষয় নিয়ে দুপুর সোয়া ১২টার দিকে ৩ নং বার মিলনায়তনে বিএনপি পন্থী দুই আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুজিবুর রহমান মুজিব ও আবদুল মান্নানের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী সিনিয়র আইনজীবী আবদুল মালিকসহ প্রত্যক্ষদর্শীরা জানান, তর্কবিতর্কে লিপ্ত থাকার এক পর্যায়ে মুজিবুর রহমান মুজিব তার হাতে থাকা লাঠি দিয়ে অ্যাডভোকেট আবদুল মান্নানকে গুঁতো মারেন। আবদুল মান্নান এর প্রতিবাদ করলে মুজিবুর রহমান মুজিবের হাতে থাকা ওই লাঠি দিয়ে অাঘাত করেন। তখন তারা উভয় নিজ নিজ আসন থেকে উঠে একে অপরকে জাপটে ধরে হাতাহাতিতে লিপ্ত হন। এ সময় আদালতে আসা বিচারপ্রার্থী ও উপস্থিত শত শত লোকজনের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়।
দুই আইনজীবীর ঘটনা মীমাংসা করার জন্য নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের সাবেক পিপি অ্যাডভোকেট জালাল আবেদীন, তারেক আহমদ চৌধুরীসহ বিএনপি পন্থী কয়েক আইনজীবী উদ্যোগ নেন। কিন্তু ঘটনার পর থেকে মুজিবুর রহমান মুজিব ঘটনাস্থল থেকে সটকে পড়ায় মীমাংসা হয়নি।
এ ঘটনায় আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও বিব্রতকর অবস্থার সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে দুই আইনজীবীর মধ্যে হাতাহাতির ঘটনা মুহূর্তে মানুষের মুখে মুখে জানাজানি হলে মৌলভীবাজার শহর জুড়ে তোলপাড় শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট আবদুল মান্নান বলেন, মামলার বিষয়টি নিয়ে কথা বলা শুরু করতেই মুজিবুর রহমান মুজিব উত্তেজিত হয়ে আমার দিকে তেড়ে আসেন।
ঘটনার পর মুজিবুর রহমান মুজিবকে চেম্বারে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিলো।