Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় আইনশৃঙ্খলা সভা: সুষ্ঠু ও নিরেপেক্ষ নির্বাচনের দাবি প্রার্থীদের

কুলাউড়া প্রতিনিধি:  |  ২৫ ডিসেম্বর, ২০১৫

কুলাউড়ায় উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে পৌর নির্বাচনের বিশেষ আইনশৃঙ্খলা সভায় সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচনের দাবি করেছেন মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীরা । ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টায় কুলাউড়া উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রার্থীরা এ দাবি জানান।

সভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী এ কে এম সফি আহমদ সলমান বলেন, সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আমরা আশাবাদী। আমরা সবাই একই এলাকার মানুষ। এছাড়াও একে অপরের সঙ্গে ভালো সম্পর্কও রয়েছে। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে যাতে আমাদের মধ্যে কোন দ্বন্ধ বা বিভেদ সৃষ্টি না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।

বিএনপির প্রার্থী কামাল উদ্দিন আহমদ জুনেদ বলেন, নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।
স্বতন্ত্র প্রার্থী শফি আলম ইউনুছ বলেন, ভোট মানুষের পবিত্র আমানত, তাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মানুষ তাদের ভোট প্রয়োগ করতে পারেন। এজন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দ বলেন, আচরণবিধি লঙ্ঘনের অভিযান অব্যাহত আছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. কামরুল হাসান নির্বাচনে সকল প্রার্থীদের আচরণবিধি মেনে চলার পরামর্শ দেন।

মৌলভীবাজারের জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের সভাপতিত্বে সভায় মৌলভীবাজার জেলা প্রশাসক কামরুল হাসান, মৌলভীবাজার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শাহজালাল, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দোহা পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.