সিলেটটুডে ডেস্ক: | ০১ নভেম্বর, ২০২২
সিলেটে আবারো শুরু হচ্ছে কোভিড-১৯ এর টিকাদান। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ এর ২য় ও ৩য় ডোজ টিকা প্রদান করা হচ্ছে।
মঙ্গলবার শুরুর দিনে টিকা নিয়েছেন ৪শ জন। সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম এই তথ্য দিয়েছেন।
তবে করোনার টিকা নেওয়ার এটাই শেষ সুযোগ, এরপর আর টিকা দেওয়া হবে না। শেষবারের এ সুযোগে কেউ টিকা না নিলে এর দায় নেবে না সিসিক।
সিসিকের এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে ২৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর তারিখ পর্যন্ত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের টিকাদান কেন্দ্রে ২য় ডোজ ও ৩য় ডোজ বা বুস্টার ডোজ প্রদান কার্যক্রম বন্ধ ছিল। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুনরায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র এবং সিটি করপোরেশনের টিকাদান কেন্দ্রে কোভিড-১৯ ২য় এবং ৩য় ডোজ বা বুস্টার ডোজ প্রদান শুরু হচ্ছে।
যেসব নাগরিক এখনো ২য় ডোজ এবং ৩য় বা বুস্টার ডোজ গ্রহণ করেননি তাদের কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করার আহবান জানানো হয় বিজ্ঞপ্তিতে। টিকাদান কার্যক্রম চলাকালে টিকা গ্রহণ না করলে কর্তৃপক্ষ এর দায় বহন করবে না বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।