Sylhet Today 24 PRINT

শনিবার সিলেটে আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০১৫

একদিনের সফরে সিলেট আসছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শনিবার (২৬ ডিসেম্বর) হেলিকপ্টারযোগে তিনি সিলেট এসে পৌছবেন।

সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে সিলেটে আসছেন আব্দুল হামিদ। রাষ্ট্রপতি হওয়ার পর এবারই প্রথমবারের মতো সিলেট আসছেন তিনি।

ওইদিন রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন।

বৃহস্পতিবার তিনদিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওকাস’র সভাপতি মো. শাহনুর আলম জানান, শনিবার পুনর্মিলনীর শেষ দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

চার বছর পর আয়োজিত পুনর্মিলনীতে স্মৃতিচারণ, নবীন ও সাবেক ক্যাডেটদের প্যারেড অনুষ্ঠিত হবে।

এদিকে রাষ্ট্রপতির সিলেটে আসাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, রাষ্ট্রপতির সফর উপলক্ষে সিলেটে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.