Sylhet Today 24 PRINT

অবশেষে জামিন পেল বড়লেখার সেই বুদ্ধিপ্রতিবন্ধী যুবক

বড়লেখা প্রতিনিধি: |  ০১ নভেম্বর, ২০২২

অবশেষে জামিন পেল বড়লেখার সেই বুদ্ধিপ্রতিবন্ধী যুবক কলিম উদ্দিন।

মঙ্গলবার দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক তার জামিন মঞ্জুর করেন।

গত বুধবার (২৬ অক্টোবর) তার বিরুদ্ধে করা মোবাইল চুরির মামলায় আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওইদিন সিলেটটুডেতে ‘চুরি হওয়া মোবাইল উদ্ধার, চোর গ্রেপ্তার: তবুও কারাগারে প্রতিবন্ধী যুবক!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

বুদ্ধিপ্রতিবন্ধী কলিম উদ্দিন উপজেলার পূর্ব-মাইজগ্রাম গ্রামের তছির আলীর ছেলে।

জানা গেছে, মোবাইল চুরির অপবাদ দিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী যুবক কলিম উদ্দিনকে নির্যাতন করেন উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের সদস্য ইমাম উদ্দিন হিফজুর ও তার ভাই রাজু আহমদ। এ ঘটনায় কলিম উদ্দিনের ভাই ছইদুর রহমান হিফজুর ও রাজুর বিরুদ্ধে আদালতে মামলা করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করেন। এর দুইদিন পর নির্যাতনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী কলিম উদ্দিনকে মোবাইল চুরির অভিযোগে থানায় মামলা করেন ইউপি সদস্যের ভাই রাজু আহমদ। এদিকে রাজুর মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহেদ আহমদ গত ২৩ অক্টোবর চুরি হওয়া মোবাইল ফোনসেটসহ পেশাদার চোর ফাহিদ আহমদকে (২১) গ্রেপ্তার করে পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠান। ফাহিদ বর্ণি ইউপির সৎপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। ফাহিদ মোবাইল ফোনসেটটি ইউপি সদস্যের বাড়ির বসতঘর থেকে চুরি করে নিয়ে যায় বলে জানান এসআই জাহেদ।

এদিকে পেশাদার চুর ফাহিদ আহমদ চুরি হওয়া মোবাইল ফোনসেট গ্রেপ্তার হওয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী যুবক কলিম উদ্দিনকে আদালতে হাজির করে ২৬ অক্টোবর জামিন চায় তার পরিবার। তবে আদালত সেদিন তার জামিন না-মঞ্জুর করেন।

আলাপকালে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জিআরও সহকারী উপ পরিদর্শক (এসআই) পিযুষ কান্তি দাস কারগারে থাকা প্রতিবন্ধী যুবক কলিম উদ্দিনের জামিন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.