Sylhet Today 24 PRINT

ধর্মপাশায় একই স্থানে আ.লীগ-যুবলীগের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

ধর্মপাশা প্রতিনিধি: |  ০৩ নভেম্বর, ২০২২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় একই সময়ে একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের একাংশ ও উপজেলা যুবলীগের একাংশ পৃথক কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বাদশাগঞ্জ বাজার ও ধর্মপাশাবাজারে মাইকিং করে এই ঘোষণা দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও ধর্মপাশা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দুইভাগে বিভক্ত। উপজেলার বাদশাগঞ্জ বাজারে কাল শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন ও বিকেল ৪টার দিকে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের ত্রিবার্ষিক সম্মেলন আহ্বান করা হয়।

এই দুটি ইউনিয়নের সম্মেলন শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য সংগঠনটির নেতাকর্মীরা প্রচার চালিয়ে আসছিলেন। অন্যদিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে আগামী ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় যুব সমাবেশকে সফল করার লক্ষ্যে শুক্রবার দুপুর ২টার দিকে বাদশাগঞ্জ বাজারে এক প্রস্তুতি সভা ডাকে।

এ নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের পক্ষে পৃথকভাবে গত ৩১ অক্টোবর বিষয়টি ইউএনওকে লিখিতভাবে অবগত করা হয়। ওই দুটি দুপক্ষ একই সময়ে একই দিন একই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করার ঘোষণা দেওয়ায় সংঘর্ষ ও নিরাপত্তার কথা ভেবে উপজেলার বাদশাগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে ওইদিন রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির হাসান বলেন, আওয়ামী লীগ ও যুবলীগ একই দিন একই সময়ে একই স্থানে পৃথক কর্মসূচি আহ্বান করায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.