Sylhet Today 24 PRINT

দেশে ডলারের টানাটানি এখন কমে গেছে : পরিকল্পনামন্ত্রী

শান্তিগঞ্জ প্রতিনিধি: |  ০৬ নভেম্বর, ২০২২

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, সরকারের উদ্দেশ্য ভালো৷ সরকার জনগণের ভালো চায়৷ মানুষের উন্নয়নের জন্য যা প্রয়োজন সব করছি আমরা। তবে দেশের সর্বত্র গ্রাউন্ডে অপচয় হচ্ছে এটা অস্বীকার করার কিছু নেই। সুদের ঋণ বাড়তেই আছে। আমাদের সাবধান হতে হবে, ঋণের ক্ষেত্রে অপচয়ের ক্ষেত্রেও৷

রবিবার(৬ নভেম্বর) সকাল ১১ টায় শান্তিগঞ্জ উপজেলার সুলতানপুরে ১ কোটি ২৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা রিসোর্স সেন্টার(ইউআরসি) ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ডলারের সংকট নয় টাকার সংকট আছে৷ এর মূল কারণ হচ্ছে দেশে এখন উৎপাদন কম। ডলারের টানাটানি এখন কমে গেছে। আরও কমবে। এজন্য আমাদের উৎপাদন বাড়াতে হবে। শুধু ঘরে বসে খেলে হবে না৷ অহেতুক গলবাজী না করে কাজ করতে হবে৷ কাজ আর উৎপাদনের বিকল্প নাই। আমরা কাজে বিশ্বাসী।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ জনগণের সরকার। আওয়ামী লীগ অযথা কথাবার্তা বলে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই সরকার মানুষের উন্নয়নে ব্যাপক কাজ করছে। দেশের সর্বত্রই উন্নয়নের যে জোয়ার উঠেছে তা টিকিয়ে রাখতে হবে৷ আমি বিশ্বাস করি দেশের মানুষের উন্নয়নের সরকারের সাথে ছিল, আছে আগামীতেও থাকবে।

অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রকৌশলী (এলজিইডি) মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ কালাশাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, ইউআরসি ইনস্ট্রাক্টর আব্দুল মান্নান, শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার সহ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.