Sylhet Today 24 PRINT

ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ইচ্ছেমতো লেখা হচ্ছে ‘বড়লেখা’র ইংরেজি বানান!

বিভ্রান্তি দূর করার নেই কোনো উদ্যোগ

বড়লেখা প্রতিনিধি: |  ০৭ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ‘বড়লেখা’র ইংরেজি বানান নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন থেকে সরকারি দপ্তরগুলো বড়লেখার ইংরেজি বানান সঠিকভাবে লিখলেও বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো বড়লেখার ইংরেজি বানান লিখছে। এতে মানুষের মাঝে সঠিক বানান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।

একটি বৃহৎ উপজেলার ঐতিহাসিক নামের ইংরেজি বানান ভুলভাবে উপস্থাপন করেও তা সংশোধনের ব্যাপারে তাদের নেই কোনো উদ্যোগ। এতে বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

প্রায় ৪ মাস আগে মো. খায়রুল ইসলাম নামের এক প্রবাসী ‘বড়লেখা’র ইংরেজি বানান একেক ব্যাংকের শাখায় একেক রকম লেখায় তা সংশোধনের জন্য লিখিতভাবে আবেদন জানিয়েছেন। কিন্ত ভুল বানান ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো আজও তা সংশোধন করেনি।

মো. খায়রুল ইসলাম উপজেলার টেকাহালী গ্রামের বাসিন্দা।

জানা গেছে, উইকিপিডিয়া, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, বড়লেখা থানা, বড়লেখা উপজেলা নির্বাচন অফিস, বড়লেখার পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে দীর্ঘদিন থেকে ইংরেজি বানান Barlekha ব্যবহার হচ্ছে। তবে বেসরকারি ব্যাংকের ‘বড়লেখার’ কয়েকটি শাখা, সরকারি ব্যাংকের একটি শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কোনোটিতে ইংরেজি বানান Baralekha, কোনোটিতে Borlakha ও Barolekha ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউসিবি ব্যাংকের বড়লেখা শাখায় Barolekha, এনসিসি ব্যাংকের বড়লেখা শাখায় Baralekha, ইসলামী ব্যাংকের শাখায় Barolekha, ডাচবাংলা ব্যাংকের শাখায় Borolekha, পূবালী ব্যাংকে Baralekha, উত্তরা ব্যাংকে Baralekha এবং কৃষি ব্যাংকে Borlakha লেখা হচ্ছে। এ নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে।

প্রবাসী মো. খায়রুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে দেখছি সরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘বড়লেখার’ সঠিক ইংরেজি বানান ব্যবহার হয়ে আসছে। কিন্তু বেসরকারি ব্যাংকের শাখাগুলোতে ভুলভাবে বড়লেখার ইংরেজি বানান ব্যবহার হচ্ছে। আমি বেশ কয়েকটি ব্যাংকের শাখায় বানান সংশোধনের জন্য লিখিত আবেদন করেছি। এটা আমাদের প্রাণের দাবি। কিন্তু কোনো শাখাই সংশোধনের উদ্যোগ নেয়নি। একটি উপজেলার নামের বানান ভুলভাবে উপস্থাপন ঐ উপজেলার প্রত্যেক মানুষের অন্তরে চরম আঘাত করার মত ঘটনা। এসব ব্যাংকের ব্যবসাই যেন মূল লক্ষ্য, তাদের ইচ্ছাকৃত ভুল বানান সংশোধনের ব্যাপারে যেন কোনো দায় নেই। এ জন্য সরকারি উদ্যোগ কামনা করছি।’

এ ব্যাপারে আলাপকালে ইউসিবি ব্যাংকের বড়লেখা শাখার ব্যবস্থাপক আবুল ফাত্তাহ চৌধুরী বলেন, ‘প্রবাসীর লিখিত আবেদনটি পেয়েছি। আবেদনটি প্রধান কার্যালয়ে পাঠিয়েছি। প্রধান কার্যালয়ের নির্দেশ ছাড়া আমাদের সংশোধন করার সুযোগ নেই।’ একই রকম বক্তব্য দিয়েছেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপক অজয় কুমার দত্ত, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক মুহাম্মদ নুরুজ্জামান।

বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, ‘আমরা বড়লেখার সঠিক ইংরেজি বানান লিখছি। তবে ব্যাংকসহ অনেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বড়লেখার ইংরেজি বানান ভুলভাবে লেখা হয়। এটা আমাদেরও দৃষ্টিগোচর হয়েছে। একটা উপজেলার ইংরেজি বানান ভুলভাবে ও ইচ্ছেমতো লেখাটা খুবই অন্যায় কাজ।’

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ সোমবার (৭ নভেম্বর) বলেন, ‘বিষয়টি নজরে এসেছে। প্রতিষ্ঠানগুলোকে অফিসিয়ালি বলে দেওয়া হবে, যাতে তারা বড়লেখার সঠিক ইংরেজি বানান ব্যবহার করেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.