Sylhet Today 24 PRINT

বাইকে তিন আরোহী, নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ১১ নভেম্বর, ২০২২

সিলেটের কানাইঘাটে সড়ক দুর্ঘটনায় রিয়াজ আহমদ নামে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দু’জন।  ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কানাইঘাট পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের উত্তরে বোরহান উদ্দিন সড়কে।

নিহত রিয়াজ আহমদ উপজেলার সদর ইউনিয়নের বীরদল ছোটফৌদ গ্রামের জালাল উদ্দিনের পুত্র। তিনি পাতাবাহার কয়েল কোম্পানীতে এস.আর হিসেবে কানাইঘাটে চাকুরী করতেন।

আহতরা হলেন, একই গ্রামের  নুর আহমদ ও বীরদল আগফৌদ গ্রামের সমছু উদ্দিনের পুত্র ফাহাদ আহমদ।

জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে রিয়াজ আহমদ নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে কোম্পানীর কাজের জন্য কানাইঘাট বাজারের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় তার মোটরসাইকেলে আরো দু’জন ছিলেন।

সকাল অনুমানিক সাড়ে ৮টার দিকে পৌরসভার নন্দিরাই পশ্চিম জামে মসজিদের উত্তরে পৌঁছামাত্র মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে। এতে রিয়াজ আহমদসহ তিনজনই আহত হয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রিয়াজকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মরদেহ কানাইঘাট থানায় হেফাজতে রয়েছে। তবে, ময়না তদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের আবেদন করেছে নিহতের স্বজনরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.