Sylhet Today 24 PRINT

বাবা-মার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর

মৌলভীবাজার প্রতিনিধি: |  ১১ নভেম্বর, ২০২২

বাবা-মার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে গেলেন বর। বিয়ে শেষে নববধূকে নিয়ে হেলিকপ্টারে নিয়ে এলেন পোল্যান্ড প্রবাসী রাজু আহমেদ দোলন।

শুক্রবার (১১নভেম্বর) দুপুরে মৌলভীবাজার শ্রীমঙ্গলের শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকায় চলন্তিকা মাঠ হেলিপ্যাডে এসে অবতরণ করে হেলিকপ্টারটি।

রাজু আহমদ দোলন শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন ও রুবিনা বেগম দম্পতির বড় ছেলে।

কনে একই এলাকার নুরুল ইসলাম ও রাহেলা ইসলামের কন্যা আছমা আক্তার ইতি। বরযাত্রী ও আত্মীয় স্বজনের চেয়ে হেলিকপ্টার দেখার উৎসুক মানুষ ছিলেন বেশি।

জানা গেছে, বাবা ও মাকে সঙ্গে নিয়ে হেলিকপ্টারযোগে নববধূকে আনতে যান শ্রীমঙ্গলের রাধানগর এলাকার পাঁচ তারকা হোটেল গ্রান্ড সুলতান টি রিসোর্টে।

রাজু আহমেদ দোলন কয়েক বছর আগে লেখাপড়ার উদ্দেশে আমেরিকা পাড়ি দেন। সেখানে ব্যবসার ওপর ডিপ্লোমা করে পোলান্ডে যান তিনি। পোলান্ডে প্রথমে একটি রেস্টুরেন্টের ব্যবসা শুরু করেন। তরুণ এই ব্যবসায়ী সফল ব্যবসার মাধ্যমে এখন পোল্যান্ডে চারটি রেস্টুরেন্টের মালিক।

বিয়ের খরচ সম্পর্কে রাজু আহমেদ দোলন বলেন, হেলিকপ্টারটি চার ঘণ্টার জন্য ভাড়া নিয়েছি দুই লাখ টাকায়।

এ ছাড়া সাবেক চীফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধুসহ আমন্ত্রিত অতিথিসহ প্রায় শতাধিক অতিথির খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে গ্রান্ড সুলতানে। সব মিলে ২০-২৫ লক্ষাধিক টাকা খরচ হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.