সিলেটটুডে ডেস্ক | ২৫ ডিসেম্বর, ২০১৫
আসন্ন ৩০ ডিসেম্বর সারাদেশ তথা সিলেটের ১৬টি পৌরসভা নির্বাচনকে নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমুলক নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃপক্ষ ও গণমাধ্যমসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের নেতৃবৃন্দ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে বিএনপি সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের আহ্বায়ক ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী এবং সিলেট বিভাগীয় পৌর নির্বাচন মনিটরিং সেলের সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন- অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রকে সমুন্নত রাখতে বিএনপি আসন্ন পৌর নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা বিশ্বাস করি প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারীগণ দেশের গণতন্ত্রের সহায়ক শক্তি। তাই নির্বাচন তথা দেশ পরিচালনায় তাদের নিরপেক্ষ ও ন্যায়সঙ্গত ভূমিকা অপরিহার্য।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচনকে সুষ্ঠু ও সফল করতে বিএনপি সহ ২০ দলীয় জোট নেতাকর্মীদের প্রতি কোনরূপ অন্যায় অহেতুক হয়রানী থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা দেশ ও জাতির কাছে প্রশংসিত হবে।
এক্ষেত্রে জাতির দর্পণ খ্যাত ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া তথা সকল গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ও কার্যকর ভূমিকা অপরিহার্য। তাই সকল মিডিয়া ও সামাজিক গণমাধ্যম সমূহকে অতীতের মত কার্যকর ও বলিষ্ঠ ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
পাশাপাশি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে আমাদের পক্ষ থেকে ন্যায় সংগত সব ধরনের সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করছি।
নেতৃবৃন্দ আরও বলেন, গণমাধ্যম সর্বদাই আমাদের সহায়ক শক্তি। তাই সকল ক্ষেত্রে আমরা তাদের ন্যায় সংগত সহযোগিতা কামনা করে থাকি। অবাধ সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের সকল গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী কার্যকর ভূমিকা জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।