Sylhet Today 24 PRINT

আওয়ামী লীগের দুই সমাবেশ দেখে বিএনপির চোখে অন্ধকার: পরিকল্পনামন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি: |  ১২ নভেম্বর, ২০২২

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশের ক্ষতি হয় এমন বিধ্বংসী কাজ জনগণই রুখে দেবে। কোনো তারিখ ঘোষণা দিয়ে 'এই হবে সেই হবে' বললে চলবে না। বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, যাবে। কেউ তাতে বাধা দিতে পারবে না।

শনিবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদ আহমদ খানের পরিচালনায় সভায় মন্ত্রী বলেন, ‘এর আগে শুধু শহরকে প্রাধান্য দেওয়া হতো। গ্রামে সুযোগ-সুবিধা দেওয়া হতো না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ধারা ভেঙে দিয়েছেন। গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য কমিয়ে এনেছেন। গ্রামাঞ্চলকে প্রাধান্য দিয়ে কাজ করতে নির্দেশনা দিয়েছেন।’

মন্ত্রী বলেন, ‘বিএনপির বিশৃঙ্খল রাজনীতির কারণে দেশের শ্রমজীবী মানুষের জীবনের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। বিএনপি হাঁকডাক দিয়ে বিভিন্ন স্থানে সমাবেশ করছে। কিন্তু আওয়ামী লীগের দুটি সমাবেশ দেখেই তাদের চোখ অন্ধকার হয়ে গেছে। তারা এখন বুঝতে পেরেছে, আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি তাদের নেই। এর আগে হবিগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে মন্ত্রীকে শুভেচ্ছা জানান সাংবাদিক নেতারা।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি, শাহ নেওয়াজ মিলাদ গাজী এমপি, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.