Sylhet Today 24 PRINT

৬ মাসের জন্য জামিন পেলেন ঝুমন দাস

নিজস্ব প্রতিবেদক |  ১৩ নভেম্বর, ২০২২

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লা উপজেলার ঝুমন দাসকে মুচলেকা দিয়ে ৬ মাসের জন্য জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন আবেদনের শুনানি নিয়ে রোববার (১৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ঝুমন দাসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তাপস কান্তি বল।

পরে আইনজীবী জানান, ঝুমন দাস ভবিষ্যতে ফেসবুকে উসকানিমূলক ও ধর্মীয় বিদ্বেষমূলক কোনও পোস্ট দেবেন না, এই মুচলেকায় তাকে ৬ মাসের জন্য জামিন  দিয়েছেন হাইকোর্ট।

এর আগে ২০২১ সালের ১৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে হেফাজতের ‘শানে রিসালাত’ সমাবেশে তৎকালীন আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হক হাজির হন। পরদিন ১৬ মার্চ মামুনুল হকের সমালোচনা করে ফেসবুকে ‘উসকানিমূলক’ স্ট্যাটাস দেওয়ার অভিযোগ ওঠে শাল্লার নোয়াগাঁওয়ের যুবক ঝুমন দাসের বিরুদ্ধে।

পরে ওই ঘটনায় উত্তেজিত হয়ে হেফাজত ইসলামের স্থানীয় সমর্থকরা ১৭ মার্চ হিন্দু অধ্যুষিত নোয়াগাঁওয়ে শতাধিক হিন্দু বাড়ি-ঘরে হামলা ও ভাঙচুর চালায়। যা সারা দেশে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। উসকানিমূলক স্ট্যাটাসের দায়ে ঝুমনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় প্রায় ৭ মাস কারাগারে থেকে জামিনে মুক্ত হন।

জামিনে মুক্তির শেষ সময়ে এসে ফের গত ২৮ আগস্ট ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অপরাধে ৩০ আগস্ট দুপুরে শাল্লা থানা পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে পোস্ট দেওয়ার বিষয়টি স্বীকার করলে রাতেই পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায় পুনরায় জামিন আবেদন করেন ঝুমন দাস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.