Sylhet Today 24 PRINT

সমাবেশের লিফলেট বিতরণে ‘পুলিশের বাধা’, জেলা ছাত্রদলের সভাপতি আটক

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার |  ১৩ নভেম্বর, ২০২২

আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশকে সামনে রেখে মৌলভীবাজারে নেতা-কর্মীদের লিফলেট বিতরণ কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে জেলা শহরের চৌমোহনা চত্বরে লিফলেট বিতরণের পরিকল্পনা ছিল বিএনপির নেতা-কর্মীদের। এ অবস্থায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু হলে পুলিশ এসে বাধা দেয় এবং জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়াসহ চারজনকে আটক করে।

এ বিষয়ে ভিপি মিজান বলেন, ‘আমাদের সমাবেশের প্রচারে আতঙ্ক সৃষ্টি এবং যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা রুখতেই এই ধরপাকড়। তবে এসব করে গণজোয়ার থামানো যাবে না।’

মিজান আরও বলেন, ‘লিফলেট বিতরণের জন্য আমাদের নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। এ সময় হঠাৎ করে পুলিশ এসে বাধা দেয়। এ সময় নেতা-কর্মীরা স্লোগান দিলে জেলা ছাত্রদলের সভাপতিসহ চারজনকে আটক করে নিয়ে যায়।’

আটকের বিষয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জিয়া জানান, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে কয়েকজনকে আটক করা হয়েছে। অভিযান চলমান থাকায় আটকের প্রকৃত সংখ্যা এখনও বলা যাচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.