Sylhet Today 24 PRINT

কামাল হত্যা: মিশু, মনা ও কুটি ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |  ১৪ নভেম্বর, ২০২২

সিলেট জেলা বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ৩ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে ৩ জনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ এর আদালতে প্র্রেরণ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক শারমিন খানম নিলা ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।

রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন- নগরের বাদামবাগিচা আবাসিক এলাকার মিশু আহমদ, বড়বাজার গোয়াইপাড়ার মনা মিয়া ও একই এলাকার কুটি মিয়া। এদের মধ্যে মিশু মামলার এজাহারভুক্ত ৪, মনা ৬ ও কুটি ৫ নম্বর আসামি।

রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন- রবিবার রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা ছিলো। তবে অনিবার্যকারণবশত গতকাল না হয়ে আজ শুনানি শেষে রিমান্ড মঞ্জুর হয়।

৬ নভেম্বর রাত ৯টার দিকে নগরের বাদামবাগিচা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আ ফ ম কামাল। প্রাইভেটকারে যাওয়ার সময় দুর্বৃত্তরা তার গাড়ি থামিয়ে হত্যা করে। এ ঘটনায় ৮ নভেম্বর রাতে নিহতের বড় ভাই ময়নুল হক বাদী হয়ে বিমানবন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়। এতে প্রধান আসামি করা হয় আজিজুর রহমান সম্রাটকে। তবে তাকে এখনও ধরতে পারেনি পুলিশ।

সম্রাটের সাথে কামালের ব্যবসা সংক্রান্ত বিরোধ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সপ্তাহ দুয়েক আগে আম্বরখানায় নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সম্রাটকে কামাল ছুরিকাঘাত করেন বলে জানায় পুলিশ। এঘটনায় সম্রাট বাদি হয়ে কতোয়ালি থানায় কামালসহ কয়েকজনকে আসামি করে মামলা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.