মাধবপুর প্রতিনিধি: | ১৫ নভেম্বর, ২০২২
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
আক্তার হোসেন মনিরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করেন দলটির প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, সাবেক সংসদ সদস্য জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এম এ মুনিম চৌধুরী বাবু।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, জাপা কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সংসদ আহাদ ইউ চৌধুরী শাহিন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজী জালাল উদ্দিন খান, জেলা জাপার যুগ্ম আহ্বায়ক হাজী কদর আলী মোল্লা, জাপার সদর উপজেলা আহ্বায়ক কাজল আহম্মেদ, যুব সংহতির জেলা আহ্বায়ক অ্যাডভোকেট শিবলী খায়ের প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় পর্বে আক্তার হোসেন মনিরকে সভাপতি ও ফকির কাওছার আহম্মেদকে সাধারণ সম্পাদক ও রানা আহম্মেদ রজব আলীকে সাংগঠনিক সম্পাদক করে মাধবপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করা হয়।
এছাড়া আলহাজ আবুল বাশারকে সভাপতি, মো.হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও মিন্টু রায়কে সাংগঠনিক সম্পাদক করে মাধবপুর পৌর শাখার কমিটি ঘোঘণা করা হয়।
প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান বলেন, জাতীয় পার্টির আমলেই দেশে উন্নয়ন হয়েছে। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে এ দেশের সাধারণ মানুষ ভালোবাসতেন। এখন জাতীয় পার্টি কারো ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হতে চায় না। জাতীয় পার্টি আগামীতে এককভাবে নির্বাচন করবে।