Sylhet Today 24 PRINT

সিলেটের সমাবেশ ঘিরে জুড়ীতে চাঙ্গা বিএনপি

জুড়ী প্রতিনিধি: |  ১৭ নভেম্বর, ২০২২

খালেদা জিয়ার মুক্তির দাবি, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের দাবিতে আগামী ১৯ নভেম্বর সিলেটে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি।

সমাবেশকে ঘিরে মৌলভীবাজারের জুড়ীতে চাঙ্গা দলটির নেতাকর্মীরা। ইতোমধ্যে কয়েকদফা প্রচার মিছিল, লিফলেট বিতরণ কর্মসূচীর মাধ্যমে উজ্জীবিত হয়েছেন তারা। দীর্ঘদিন থেকে ক্ষমতার বাহিরে থাকার কারণে মনোবল হারিয়ে যাওয়া দলটির নেতাকর্মীরা তাদের মনোবল ফিরে পাচ্ছেন। অন্যান্য উপজেলার মতো সরকারি দল কিংবা পুলিশের তেমন বাধা পোহাতে হচ্ছে না তাদের।

তবে গত বুধবার বিগত জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমদ মিঠুর নেতৃত্বে প্রচারপত্র বিলিতে পুলিশ বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

কিছুদিন পূর্বে উপজেলার ৬টি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়। কোনো ধরনের বিদ্রোহ ছাড়াই কমিটির প্রতি আস্থা রেখেছেন তৃণমূলের কর্মীরা।কমিটির এসব নেতৃবৃন্দের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে সক্রিয়ভাবে প্রচারভিযান চালানো হচ্ছে। বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল ও সক্রিয় রয়েছে প্রচার কার্যক্রমে।

উপজেলা বিএনপির এক দায়িত্বশীল নেতা জানান, সিলেেটের সমাবেশ হবে মূলত তৃণমূলকে চাঙ্গা করতে। তাই দলীয় কমান্ডের নির্দেশে তারা তৃণমূলে মানুষের মন জয়ের জন্য কাজ করছেন। সাধারণ মানুষ যাতে বিএনপির প্রতি সক্রিয় হয় সে জন্য যা যা করা দরকার তাই করা হচ্ছে।

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহিন আহমদ বলেন, বিএনপির সমাবেশ ঘিরে যুবদলের ওয়ার্ড, ইউনিয়ন পর্যায় থেকে কর্মী নেওয়ার কার্যক্রম করছি।আ মাদের নিজস্ব খরচে যুবদলের নেতা কর্মীদের নিয়ে সমাবেশে যোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

জুড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক ও জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাছুম রেজা জানান, সিলেটের সমাবেশে জুড়ী থেকে দুই থেকে আড়াই হাজার মানুষ যোগদানের টার্গেট নেওয়া হয়েছে। যাতায়াতের জন্য পর্যাপ্ত বাস রাখা হবে। তাছাড়া ধর্মঘট হওয়ার আশংকায় ইতোমধ্যে অনেক নেতাকর্মী সিলেটে চলে গেছেন, তারা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন।

তিনি আরও জানান, গত বুধবার জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন মিঠুর নেতৃত্বে আমরা যখন প্রচারপত্র বিলি করি, তখন পুলিশ এসে আমাদের বাধা দিয়েছিল। জুড়ীতে আমরা শান্তিপূর্ণ রাজনীতি করি। এখানে সরকারি দলের কেউ এ পর্যন্ত আমাদের কার্যক্রমে বাধা প্রদান করেন নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.