Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নবীগঞ্জ প্রতিনিধি: |  ১৭ নভেম্বর, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগামী ১৯ নভেম্বর সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বুধবার রাতে আয়োজিত প্রস্তুতি বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নবীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, সরকারবিরোধী বৈঠক থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে বিএনপির দাবি, সিলেটের মহাসমাবেশ বন্ধ করার উদ্দেশ্যে পুলিশ নেতা-কর্মীদের হয়রানি করছে।

গ্রেপ্তার ৬ জনের মধ্যে রয়েছেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব আহমদ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা বকুল আহমদ।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমদ জানান, গ্রেপ্তার ৬ জন নাশকতার অভিযোগে দায়ের করা মামলার আসামি। রাতে তারা বিএনপি নেতা শিহাব আহমদ চৌধুরীর বাসায় সরকারবিরোধী বৈঠক করছিলেন। সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ সুজাত মিয়া বলেন, ‘সিলেটের মহাসমাবেশ বন্ধের উদ্দেশ্যে পুলিশ নেতা-কর্মীদের বাড়ি গিয়ে তাদের হয়রানি করছে। এতে বিএনপি নেতা-কর্মীরা আতঙ্কিত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.