Sylhet Today 24 PRINT

গণতন্ত্র ব্যতিরেখে বাংলাদেশ চলতে পারে না: মঈন খান

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০২২

আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা সাবেক মন্ত্রী ড. মঈন খান।

তিনি বলেন- ‘স্বাধীনতার ৫০ বছর পরে আওয়ামী লীগ বাংলাদেশকে এমন এক পরিস্থিতিতে নিয়ে এসেছে যেখানে গণতন্ত্র নাই। তারা এক দলীয় শাসন কায়েম করছে। অতীতে তারা বাকশাল কায়েম করেছিল। এবার অলিখিত বাকশাল কায়েম করে এক দলীয় শাসন জারি করেছে। এখানে আজ গণতন্ত্র নেই।’

বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সিলেট বিভাগীয় গণসমাবেশের স্থল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। শনিবার এই মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির গণসমাবেশ।

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে মঈন খান বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করি। প্রত্যেকটি বিভাগীয় সমাবেশে নিশ্চিত করেছি, আমরা শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশ্বাস করি। অথচ সরকার আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে।

তিনি বলেন, আমরা বিশ্বাস করি, জনগনই সকল ক্ষমতার উৎস। তাই আমরা জনগনের কাছে আছি। আমরা জনগনের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। কিন্তু এই সরকার  গণতন্ত্রে বিশ্বাস করনে না। তারা রাতে ভোট করে ক্ষমতায় যায়। তারা জনগনকে ভোটাধিকার প্রয়োগ করতে দিতে চায় না।

মাঠ পরিদর্শনকালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় মঈন খান আরও বলেন, জনগন আমাদেরর উপর আস্থা রেখেছে বলে তারা আজকে আমাদের ডাকে মাঠে নেমে এসেছে। তারা জুলুম সহ্য করেছে। এক লক্ষ মিথ্যে মামলা দেয়া হয়েছে। এসব জুলমু বন্ধে, মানুষের অধিকার ফিরিয়ে আনতে আমরা আন্দোলনে নেমেছি। তাতে জনগন স্বতস্ফূর্তভাবে মানুষ অংশ নিচ্ছেন। আমরা বিশ্বাস করি এবার আওয়ামী দুঃশাসনের পরিসমাপ্তি হবে।’

সিলেটকে লাকি সেভেন উল্লেখ করে ড. মঈন খান বলেন- ‘আমরা ইতিমধ্যে ৬ টি সমাবেশ করেছি। তবে শাহজালালের মাটিতে আমরা আগে সমাবেশ না করে ৭ম সমাবেশ করেছি। কারণ এই মাটি পবিত্র। ইনশাল্লাহ এই পবিত্র মাটিতে সমাবেশ সফল হবে। জনগণ এ সরকারকে বার্তা দেবে গণতন্ত্র ব্যতিরেখে বাংলাদেশ চলতে পারে না।’

এসময় জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সমাবেশের সকল প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। শনিবার পুরো সিলেট নগরজুড়ে জনতার ঢল নামবে। সরকার মামলা-হামলা করে, পরিবহন ধর্মঘট ডেকে আমাদের বাধা দেয়ার চেষ্টা করছে। কিন্তু এসব আমরা আর গোনায় ধরছি না। এমন বাধা আমরা ১৪ বছর ধরেই পাচ্ছি। এবার যখন বাধা ডিঙিয়ে রাজপথে নেমে এসেছি তখন সরকারের পতন ছাড়া আর ঘরে ফিরবো না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.