Sylhet Today 24 PRINT

আদালতে ক্ষমা চেয়ে আরও ৩ মাস সময় চাইলেন তদন্ত কর্মকর্তা

টিলা কাটার মামলায় অভিযোগপত্র নেই ২৮ মাসে

বড়লেখা প্রতিনিধি: |  ১৮ নভেম্বর, ২০২২

মৌলভীবাজারের বড়লেখায় টিলা কাটার এক মামলায় প্রায় ২৮ মাসেও আদালতে অভিযোগপত্র দেয়নি পরিবেশ অধিদপ্তর। ফলে এই মামলার বিচার কাজ বিলম্বিত হচ্ছে। এতে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের আইনের আওতায় নেওয়া যাচ্ছে না।

পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার তদন্তে অবহেলার কারণে গত ৪ অক্টোবর বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তাকে স্বশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ ও ব্যাখ্যা প্রদান করতে নোটিশ দেওয়া হয়। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) আদালতে জবাব দাখিলের জন্য ধার্য তারিখ ছিল।

গতকাল বৃহস্পতিবার ধার্য তারিখে মামলার তদন্ত কর্মকর্তা পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো. নুরুল আমিন প্রধান বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে অভিযোগপত্র দাখিলে বিলম্বের কারণে লিখিতভাবে ক্ষমা চেয়ে আরও ৩ মাস সময় প্রার্থনা করেন।

বিষয়টি নিশ্চিত করে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পুলিশের জিআরও সহকারী উপ পরিদর্শক (এএসআই) পিযুষ দাস বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে বলেন, ‘তদন্ত শেষ করার জন্য মামলার সংশ্লিষ্ট কর্মকর্তা আরও ৩ মাস সময় নিয়েছেন।’

প্রসঙ্গত, উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের গৌড়নগর এলাকায় প্রাকৃতিক টিলা কাটার ঘটনায় ২০২০ সালের ২৩ জুলাই বড়লেখা থানায় দুইজনের নামে মামলা করে পরিবেশ অধিদপ্তর। আসামিরা হচ্ছেন- গৌড়নগর গ্রামের নজমুল ইসলাম ও কামরুল ইসলাম। কিন্তু মামলা দায়েরের প্রায় ২৮ মাস অতিবাহিত হলেও আদালতে অভিযোগপত্র দেননি মামলার তদন্তকারী কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.