সিলেটটুডে ডেস্ক: | ১৮ নভেম্বর, ২০২২
ডোবা থেকে কচুরিপানা তুলছিলেন কয়েক চা-শ্রমিক। হঠাৎ তারা একটি অজগরের বাচ্চার দেখা পান। একপর্যায়ে অজগরটি বস্তায় ভরে বাগানের ব্যবস্থাপকের কার্যালয়ে নিয়ে যান। পরে বাগানের কর্মকর্তারা অজগরটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনাপাহাড় চা-বাগান এলাকা থেকে অজগরটি উদ্ধার করা হয়। এর ওজন ছয় থেকে সাত কেজি এবং এটি লম্বায় প্রায় চার ফুট। ওইদিন বিকেলে অজগরটি বন বিভাগের উদ্যোগে স্থানীয় একটি সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, জঙ্গল থেকে খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে চলে এসেছে।
চা-শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে চার থেকে পাঁচ শ্রমিক বাগানের বীরগোয়ালি এলাকায় কচুরিপানা আনতে একটি ডোবায় যান। কচুরিপানা সংগ্রহের একপর্যায়ে তারা ডোবার পাড়ে একটি অজগরের বাচ্চাকে জড়সড় অবস্থায় দেখেন। পরে উৎসুক শ্রমিকেরা অজগরটি কৌশলে বস্তায় ভরে ফেলেন।
শ্রমিকেরা বলেন, মাসখানেক আগেও বাগানের ধানখেতে কাজ করার সময় একটি অজগরের বাচ্চা পাওয়া গিয়েছিল। তবে শ্রমিকেরা ওই অজগরের কোনো ক্ষতি করেননি। পরে অজগরের বাচ্চাকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।
বন বিভাগের জুড়ী রেঞ্জের পুটিছড়া বিটের ফরেস্টার তৌহিদুর রহমান মুঠোফোনে বলেন, ‘আশপাশের কোনো জঙ্গল থেকে খাবারের খোঁজে অজগরটি লোকালয়ে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্য প্রাণী রক্ষায় স্থানীয় মানুষ অনেক সচেতন হয়েছেন। বাগানের কর্মকর্তা ও শ্রমিকদের সহযোগিতায় অজগরের বাচ্চাটি রক্ষা পেয়েছে। বিকেলে অজগরটিকে পুটিছড়া সংরক্ষিত বনে ছেড়ে দেওয়া হয়।’