সিলেটটুডে ডেস্ক: | ১৮ নভেম্বর, ২০২২
সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার (১৯ নভেম্বর) বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।
সমাবেশ উপলক্ষে একদিন আগেই লোকে লোকারণ্য হয়ে গেছে বিএনপির সমাবেশস্থল। এই গণসমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণসমাবেশে আগত নেতা-কর্মীদের জন্য ব্যক্তিগত উদ্যোগে খাবার এবং সুপেয় পানির ব্যবস্থা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফকুল হক সাজু।
সমাবেশস্থলে তার উদ্যোগে মৌলভীবাজারের বড়লেখা-জুড়ী থেকে আসা নেতা-কর্মীদের জন্য ক্যাম্প খোলা হয়েছে। তার ওপর রাজনৈতিক মামলা থাকায় তিনি কাতারে অবস্থান করছেন। এ জন্য তার পক্ষে ক্যাম্পটি পরিচালনা করছেন বড়লেখা ও জুড়ীর বিএনপির নেতা-কর্মীরা।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে ক্যাম্প থেকে তার পক্ষে বড়লেখা এবং জুড়ীর ছাত্রদল, যুবদল ও বিএনপির কর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসা নেতা-কর্মীদের মাঝে বিনামূল্যে ২০ হাজার বোতল পানি বিতরণ করেন। আগামীকালের সমাবেশ আরও বোতলজাত পানি বিতরণ করা হবে। এছাড়া নেতাকর্মীদের সুপেয় পানির সুবিধা দিতে সাড়ে ৩ হাজার লিটারের ৫টি পানির ট্যাংক স্থাপন করেছেন।
অন্যদিকে বিকেল থেকে সমাবেশে আসা নেতা-কর্মীদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ১০ হাজারের বেশি নেতা-কর্মীদের খাবার দেওয়ার উদ্যোগ নিয়ে বিতরণ শুরু হয়েছে। সমাবেশের দিন পর্যন্ত খাবার বিতরণ করা হবে।
শরিফকুল হক সাজুর পক্ষে এই কার্যক্রম সমন্বয় করছেন- বড়লেখা উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, বড়লেখা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, বড়লেখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোহাম্মদ মুজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক, জুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মুহিত শিপলু, পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম সিপার, বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফকুল হক সাজু মুঠোফোনে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসায় আমি মামলার আসামি। দেশে আসতে পারছি না। দলের কঠিন সময়ে প্রায় ১২ বছর ধরে প্রবাসে দলের নির্যাতিত নিপীড়িত নেতা-কর্মীদের পাশে আছি। তারই ধারাবাহিকতায় সিলেটের গণসমাবেশে নেতা-কর্মীদের মাধ্যেমে খাবার, পানি বিতরণের ব্যবস্থা করেছি। এছাড়া সমাবেশ সফল করতে বড়লেখা-জুড়ীতে আমার উদ্যোগে ইতিপূর্বে প্রচারণা চালানো হয়।’
জানা গেছে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে দেশের সবকটি বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার সিলেটে হচ্ছে গণসমাবেশ। সিলেটের গণসমাবেশে অতীতের সব রেকর্ড ভাঙতে চায় বিএনপি। বিভাগের সব জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সমাবেশে উপস্থিত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে।
ধর্মঘটসহ অন্যান্য প্রতিবন্ধকতার কথা মাথায় রেখেই নেতাকর্মীরা সমাবেশের একদিন আগেই সিলেটে এসে পৌঁছেছেন।