Sylhet Today 24 PRINT

রাষ্ট্রপতির সফরে সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০১৫

৩ ঘণ্টার সফরে দুপুরে সিলেট আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। রাষ্ট্রপতির সিলেট আগমনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল শুক্রবার থেকেই সিলেটজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ সূত্র।

রাষ্ট্রপতির নিরাপত্তাকে কেন্দ্র করে মহানগর পুলিশের বাইরে থেকে অতিরিক্ত ৬০০ পুলিশ সদস্যকে আনা হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য ১০০ র‌্যাব সদস্যও দায়িত্ব পালন করবেন।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে তার হেলিকপ্টারযোগে সিলেটে আসার কথা রয়েছে। ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশে সিলেট আসছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ সংবাদমাধ্যমকে বলেন,'শনিবার দুপুর ১২টার দিকে রাষ্ট্রপতি সিলেট আসছেন। বিকেল ৩টার দিকে তিনি ফিরে যাবেন। তার সিলেট আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন তিনি। সিলেট পৌঁছে তিনি হযরত শাহজালাল (র.) ও শাহপরাণের (র.) মাজার জিয়ারত করবেন বলেও জানা গেছে।

এরপর সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান শেষে বিকেল ৩টার দিকে তিনি ঢাকায় ফিরবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার থেকে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। তিন দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপনী দিন আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.