Sylhet Today 24 PRINT

সিলেটের সমাবেশে আছেন সাইফুর-ইলিয়াসও

নিজস্ব প্রতিবেদক |  ১৯ নভেম্বর, ২০২২

জীবৎকালে বিএনপির প্রভাবশালী নেতা ছিলেন তিনি। বলা হত দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়াও তাকে সমীহ করে চলেন। ছিলেন সংসদে ১২ বার বাজেট প্রদানকারী অর্থমন্ত্রী। আর সিলেটের উন্নয়নে তার অবদানের কথা স্বীকার করেন বিরোধী নেতারাও। তিনি এম. সাইফুর রহমান।

সিলেট বিএনপির আরেক প্রভাবশালী নেতা ছিলেন এম ইলিয়াস আলী। ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক। সংসদ সদস্যও হয়েছিলেন। তবে বিএনপির সাংগঠনিক সম্পাদক থাকাকালে সিলেট বিভাগে তার সাংগঠনিক দক্ষতা সবার নজর কাড়ে।

তবে এই দুজনই আর রাজনীতিতে নেই। সাইফুর রহমান তো ২০০৯ সালে প্রয়াত হয়েছেন, আর ইলিয়াস আলী ২০১২ সাল থেকে নিখোঁজ। তবে দীর্ঘ অনুপস্থিতিতেও সিলেট বিএনপি ভুলে তাদের এই দুই নেতাকে।

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে মঞ্চের পাশেই টানানো হয়েছে সাইফুর রহমান ও ইলিয়াস আলীর বড় দুটি ছবি।

এক দলের হলেও শেষের দিকে রাজনীতির মাঠে পরস্পরের সাথে বিরোধে জড়িয়ে পড়েছিলেন সাইফুর ও ইলিয়াস। তাদের দুজনের নামে দুই ধারায় বিভক্ত সিলেট বিএনপি। তাদের প্রয়াণ আর অন্তর্ধানের দীর্ঘদিন পরও সাইফুর অনুসারী আর ইলিয়াস অনুসারী নামে এখনও সিলেটের বিএনপি নেতাদের মেরুকরণ করা হয়।

তবে শনিবার বিএনপির সমাবেশের মঞ্চের পাশে ছবিতে পাশাপাশিই দেখা যায় এই দুই নেতাকে।

এছাড়া সমাবেশ উপলক্ষে নগরজুড়ে টানানো ব্যানার-বিলবোর্ড-ফেস্টুনের অনেকগুলোতেও সাইফুর-ইলিয়াসের ছবি দেখা গেছে।

গণসমাবেশে সাইফুর রহমান ও ইলিয়াস আলীর ছবি টাঙানোতে খুশি দলের কর্মীরাও।

হবিগঞ্জ থেকে আসা বিএনপির কর্মী সাইদুল ইসলাম বলেন, সিলেটবাসী সাইফুর রহমানের অবদান কখনো ভুলতে পারবে না। আর ইলিয়াস আলী বিরোধী দলে থাকা অবস্থায় পুরো বিভাগে বিএনপিকে শক্তিশালী ও চাঙ্গা করে তুলেছিলেন। তাই আজকের সমাবেশে তাদের ছবি টানিয়ে কৃতজ্ঞতার প্রকাশ করা হয়েছে। দুই প্রিয় নেতার ছবি দেখে আমাদের সবারই ভালো লাগছে।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, সাইফুর রহমান ও ইলিয়াস আলী আমাদের নেতা। আমরা তাদের ভুলিনি। কখনো ভুলবো। এই সরকার সাইফুর রহমানের নাম মুছে ফেলতে চাচ্ছে। আর ইলিয়াস আলীকে গুম করে রেখেছে। কিন্তু সিলেটবাসীর মনে তারা রয়েছেন। আজকের সমাবেশ তারই প্রমাণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.