Sylhet Today 24 PRINT

সোনার বাংলা গড়তে একযোগে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০১৫

বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। তিনি বলেন, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই দেশকে বিশ্বদরবারে সমুন্নত করতে সকলকে একযোগে করা করার বিকল্প নেই।

আজ (শনিবার) বিকেলে সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো সোনার বাংলা গড়ে তোলা। সরকার এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ভিশন ২১ ও ৪১ হাতে নিয়েছে।

আব্দুল হামিদ বলেন, শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার বহুমূখী কর্মসূচী গ্রহণ করেছে।

দেশের ক্যাডেট কলেজগুলোকে গুণগত শিক্ষা প্রদানের আদর্শক্ষেত্র উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, আপনারা যারা ক্যাডেট কলেজে পড়ার সুযোগ পেয়েছেন তারা সৌভাগ্যবান। আপনারা অপার সম্ভাবনার প্রতীক। এই সম্ভাবনাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে হবে।

সিলেট ক্যাডেট কলেজের অধ্যক্ষ সাইফুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওকাস’র সভাপতি মো. শাহনুর আলম।

তিনদিনব্যাপী সিলেট ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার থেকে শুরু হয়।

এ অনুষ্ঠান শেষে বিকাল ৪টা ৪০ মিনিটের সময় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন রাষ্ট্রপতি। এরআগে বেলা সোয়া ১টায় তিনি সিলেটে আসেন।

সিলেট এসেই তিনি প্রথমে হযরত শাহজালাল (রহ.) জিয়ারত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.