নিজস্ব প্রতিবেদক | ২৭ ডিসেম্বর, ২০১৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাবার কাঠ প্রক্রিয়াজাতকরণ একটি কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি)। এ লক্ষ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। কারখানাটি স্থাপিত হলে এখানে বছরে ১৩ কোটি টাকার ওপরে রাজস্ব আহরণ করতে পারবে সরকার।
এদিকে সম্প্রতি রাজধানীর মতিঝিলে সংস্থার প্রধান কার্যালয়ে বিএফআইডিসি ও জেনা এয়ার বিডির সঙ্গে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন বিএফআইডিসি সেক্রেটারি গিয়াস উদ্দিন মুঘল ও জেনা এয়ার বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জোবায়দুল ইসলাম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ সচিব ড. কামাল উদ্দিন আহমেদ, বিএফআইডিসির চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব শরফ উদ্দিন আহমেদ, বিএফআইডিসির পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল কাদির এনডিসি এবং প্রকল্পের চিফ কনসালট্যান্ট ড. জিএন ইলিয়াস।
জানা গেছে, বিএফআইডিসির আওতাধীন শ্রীমঙ্গলের চারটি রাবার বাগানের ১ লাখ ৩২ হাজার ৮১৭টি রাবার গাছের অর্থনৈতিক জীবনচক্র এরই মধ্যে শেষ হয়েছে। জ্বালানি হিসেবে গাছগুলো বিক্রি করলে এর মূল্য হবে প্রায় ৪ কোটি টাকা। তবে ট্রিটমেন্ট প্রক্রিয়ায় আনা গেলে গাছগুলোর বাজারমূল্য ৭৪ কোটিতে গিয়ে দাঁড়াবে। আর এখানে রাবার উড প্রেসার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপন করতে খরচ হবে প্রায় ১৮ কোটি ৩৮ লাখ টাকা। কারখানা স্থাপন করা হলে এখান থেকে প্রতি বছর ১৩ কোটি ২০ লাখ টাকা আয় করা সম্ভব হবে।
প্রকল্পের চিফ কনসালট্যান্ট ড. জিএন ইলিয়াস বলেন, রাবার গাছগুলোকে সঠিক প্রক্রিয়ার মাধ্যমে এর মান এতটাই ভালো করা সম্ভব, যা সেগুন কাঠের মতো আসবাব শিল্পে ব্যবহার করা যাবে।