Sylhet Today 24 PRINT

সিলেটের ১৮৯ কেন্দ্রের মধ্যে ১৪৬টিই ঝুঁকিপূর্ণ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ডিসেম্বর, ২০১৫

সিলেট বিভাগের চার জেলায় এবার ১৬ টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ পৌরসভায় মোট ভোট কেন্দ্র ১৮৯টি। এর মধ্যে ১৪৬টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এরমধ্যে সিলেটের সদরের তিন পৌরসভার ২৭টি কেন্দ্রের মধ্যে ২৫টি, মৌলভীবাজারে চার পৌরসভায় ৪১টি কেন্দ্রের মধ্যে ২৮টি, হবিগঞ্জে পাঁচটি পৌরসভায় ৫৭টি কেন্দ্রের মধ্যে ৫৩টি এবং সুনামগঞ্জে চারটি পৌরসভার ৬৪টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ ও কানাইঘাট পৌরসভায় প্রত্যেকটিতে ৯টি করে কেন্দ্রে ভোটগ্রহণ হবে। তন্মধ্যে কানাইঘাটে ২টি ভোটকেন্দ্র ব্যতীত বাকি সব ক’টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) একে এম ফজলুল হক শিবলী জানান, পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের সব কটি ঝুঁকিপূর্ণ ধরা হয়েছে।

জকিগঞ্জ খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান জানান, পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে সব ক’টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, কানাইঘাট পৌরসভার ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছেন।

এছাড়া হবিগঞ্জের ৫৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাসুদুর রহমান মনির।

মৌলভীবাজার জেলায় চার পৌরসভায় ৪১টি কেন্দ্রের মধ্যে ২৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. শাহজালাল।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুনুর রশিদ বলেন, জেলার চার পৌরসভায় ৬৪টি কেন্দ্রের মধ্যে ৪০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.