Sylhet Today 24 PRINT

বড়লেখায় খেলার মাঠে মেলার আয়োজন নিয়ে ক্ষোভ

বড়লেখা প্রতিনিধি: |  ১৩ ডিসেম্বর, ২০২২

বড়লেখা উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর রেলওয়ে সংলগ্ন শিশু-কিশোরদের খেলার মাঠ দখল করে বাণিজ্য মেলার আয়োজন নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

এ ছাড়া মেলাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় তা বন্ধের দাবিতে সোমবার ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন স্থানীয়রা। এর অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শাহাব উদ্দিন এমপি, মৌলভীবাজার পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল), বড়লেখা উপজেলা চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি), থানার ওসিসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

জানা গেছে, কয়েক দিন ধরে শাহবাজপুর রেলওয়ে জামে মসজিদ সংলগ্ন খেলার মাঠে একটি বিশেষ মহলের ছত্রছায়ায় বহিরাগতরা বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি হিসেবে মাঠে প্যান্ডেল তৈরি করছে। মেলার নামে সেখানে মদ-জুয়ার আসর, লটারি বিক্রি, অশ্নীল নাচ-গানসহ অসামাজিক কার্যকলাপের পাঁয়তারা চালানো হচ্ছে। এতে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।

বড়লেখার ইউএনও সুনজিত কুমার চন্দ জানান, উপজেলার উত্তর শাহবাজপুরে খেলার মাঠে মেলার আয়োজন বন্ধের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন। তিনি তা দ্রুত পৌঁছে দেবেন এবং জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.