Sylhet Today 24 PRINT

প্রার্থী ছাত্রী সংস্থার নেত্রী, পোস্টার ছবিহীন

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৮ ডিসেম্বর, ২০১৫

নির্বাচনে প্রার্থীরা সাধারণত নিজেদের ছবি দিয়ে পোস্টার-লিফলেট দৃষ্টিনন্দন করে তোলেন। এতে তাঁর পরিচিতি ও প্রচার দুটোই ভালো হয়। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম সুনামগঞ্জ পৌরসভার ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী সাহেদা বেগম।

তাঁর নির্বাচনী লিফলেট-পোস্টারে কোনো ছবি নেই। ছবিহীন এসব পোস্টারে রয়েছে শুধু নাম ও ভ্যানিটি ব্যাগ প্রতীকটি। এ নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শহরের ষোলঘর এলাকার বাসিন্দা সাহেদা বেগম শিক্ষাজীবনে ইসলামী ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁর দুই চাচা মো. সাজিদুর রহমান ও মো. হাতিমুর রহমান সুনামগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমিরের দায়িত্ব পালন করেছেন একাধিকবার। গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও তিনি বোরকা পরিহিত ছিলেন।

নির্বাচনী প্রচারণাও তিনি বোরকা পরে করছেন। নারী ভোটার ছাড়া অন্য কারো সামনে তিনি বোরকার নেকাব খুলেন না। মোবাইলে প্রার্থীর সঙ্গে কথা বলতে চাইলে তাঁর ভাই আনোয়ার হোসেন ফোন রিসিভ করে বলেন, সাহেদা বেগম মোবাইল ফোনসেট ব্যবহার করেন না।

বিশেষ কারণে তাঁর পোস্টার-লিফলেটে ছবি দেননি উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বোনকে এলাকার মানুষ প্রার্থী করেছে। তিনি কোনো রাজনৈতিক দলের প্রার্থী নন। তবে তাঁর পক্ষে জামায়াত-শিবিরের প্রচারণার বিষয়টি তিনি স্বীকার করেন। এদিকে জেলা জামায়াতের রাজনৈতিক কার্যালয়ের ছাদেও সাহেদা বেগমের ছবিহীন পোস্টার দেখা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.