Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমায় মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক: |  ১৬ ডিসেম্বর, ২০২২

প্রতীকী ছবি

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দক্ষিণ কুড়িগ্রাম জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ৩ জনকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার কামালবাজার ইউনিয়নের দক্ষিণ কুড়িগ্রাম মসজিদের পাশে সংঘর্ষের এই ঘটনা ঘটে।

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, মসজিদ কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের লাল মিয়া সফিক ও আফরোজ মিয়ার লোকদের মধ্যে বিরোধ চলে আসছিল। জুমার নামাজের পর মজসিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় বিবদমান দুই পক্ষের মধ্যে বাদানুবাদের জেরে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে ইট-পাটকেলের আঘাতে ৮-১০ জন আহত হন।

কামালবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, ‘উভয় পক্ষের মধ্যে চলমান সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.