Sylhet Today 24 PRINT

ধলাই ব্রিজের অ্যাপ্রোচে ধস, মৌলভীবাজার-কমলগঞ্জ সড়কে সরাসরি যোগাযোগ বন্ধ

কমলগঞ্জ প্রতিনিধি: |  ১৭ ডিসেম্বর, ২০২২

মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর চেকপোস্ট (জেড-২০২২) সড়কের ৯ কিলোমিটারে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ব্রিজের পার্শ্বস্থ ধলাই নদীর পাড়ের মাটি ধসে যাওয়ায় জেলা সদরের সাথে কমলগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট ব্রীজের পার্শ্বস্থ ধলাই নদীর পাড়ের মাটি ধসে যাওয়ায় সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, শনিবার বিকেলে চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর ব্রিজের দক্ষিণ পাশের বাঁধ ধসে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চৈত্রাঘাট ধলাই ব্রিজের অ্যাপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত উক্ত ব্রিজ অ্যাপ্রোচ দিয়ে মালামালসহ ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার জন্য বলা হলো। শনিবার বিকেল সোয়া ৫টা থেকে সকল ধরনের যানবাহন চলাচল না করে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন শনিবার সন্ধ্যায় বলেন, ‘চৈত্রঘাট বাজার সংলগ্ন ব্রিটিশ আমলে নির্মিত ধলাই নদীর ব্রিজের দক্ষিণ পাশের বাঁধ ধসে বিশাল গর্ত সৃষ্টি হওয়ায় শনিবার বিকেল থেকে সকল ধরনের যানবাহন চলাচল না করার জন্য বলা হয়েছে। সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। দ্রুত সড়কের মেরামতের কাজ চলছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.