Sylhet Today 24 PRINT

আন্তরিকতার অভাবে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ১৮ ডিসেম্বর, ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার পেছনে মূল কারণ হল মিয়ানমারের আন্তরিকতার অভাব।

রোববার (১৮ ডিসেম্বর) সকালে সিলেটে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধা বঞ্চিতদের হুইল চেয়ার ও সেলাই মেশিন বিতরণে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসন বাংলাদেশের একার কাজ না। বিশ্ব মোড়লদেরও কিছু দায়িত্ব রয়েছে। তবে সেক্ষেত্রে তাদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। আর এতে করেই রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে।

আবদুল মোমেন আরও বলেন, বিভিন্ন দেশকে বলেছি কিছু লোক নিয়ে যান। সে কাজ স্বল্প পরিসরে শুরু হয়েছে৷ তবে আমরা আশাবাদী রোহিঙ্গারা তাদের নিজের দেশে ফেরত যাবে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দারিদ্র একটা অভিশাপ। সেজন্য প্রধানমন্ত্রী উদ্যোগে নিয়েছেন দেশে কেউ দরিদ্র থাকবে না। ২০৩০ সালের মধ্যে দেশে অতি দারিদ্রসীমার হার ৩ শতাংশের নিচে নিয়ে আসার কাজ চলছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আল খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার তারেক মাহমুদ সজীব সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.