Sylhet Today 24 PRINT

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ১৯ ডিসেম্বর, ২০২২

সিলেটের কোম্পানীগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

রোববার বিকাল ৫টায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকের বাজার এলাকায় বঙ্গবন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুহিবুর রহমান রুবেল (৩১)। তিনি উপজেলার পুরান বালুচর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

দুর্ঘটনায় নিহতের ঘটনা নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার এসআই শাহ আলম।

জানা গেছে, রোববার বিকাল ৪টায় মুহিবুর রহমান রুবেল তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুজন যাত্রীসহ টুকেরবাজার থেকে দয়ারবাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলে থাকা ৬ জন আহত হয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে রুবেলসহ আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুহিবুর রহমান রুবেল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.