Sylhet Today 24 PRINT

আর্জেন্টিনার জয়ে উল্লাসের সময় বুকে ব্যথা, হাসপাতালে নেয়ার পর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১৯ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে জিতে আনন্দ–উল্লাসের সময় রোববার বুকে ব্যথা অনুভব করেন সিলেটের এক আর্জেন্টাইন সমর্থক তরুণ প্রকৌশলী। পরে মঙ্গলবার ভোর চারটার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের নাম জয়ব্রত ভট্টাচার্য (২৫)। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার রাধানগর রামপুর গ্রামে।

জয়ব্রতের বোন নির্জরনী ভট্টাচার্যের বরাত দিয়ে সিলেট জেলা বারের জ্যেষ্ঠ আইনজীবী মুজিবুর রহমান বলেন, জয়ব্রত রোববার রাতে সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি মেসে বন্ধুদের সঙ্গে খেলা দেখেন। আর্জেন্টিনার জয়ের পর তিনি বাসা থেকে বেরিয়ে সবার সঙ্গে স্লোগান দেন, আনন্দ-উল্লাস করেন। এ সময় তিনি বুকে ব্যথা অনুভব করেন। ব্যথা তীব্র হলে রাত তিনটার দিকে বন্ধুরা তাকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ভোর চারটার দিকে তিনি মারা যান।

জয়ব্রত সিলেটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল বিষয়ে পড়াশোনা শেষ করে নগরের একটি বেসরকারি ফার্মে কাজ করতেন।

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া  বলেন, জয়ব্রত ভট্টাচার্য হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তার মৃত্যুর কারণ সুষ্পষ্টভাবে বলা যাচ্ছে না।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ভোরে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই তরুণের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ সকাল ১০টার দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.