Sylhet Today 24 PRINT

বাংলাদেশে সব ধর্মের মানুষের অধিকার সমান: পরিবেশমন্ত্রী

বড়দিন উপলক্ষে বড়লেখায় ৪৭টি গির্জার অনুকূলে জি আর চাল বিতরণ

বড়লেখা প্রতিনিধি: |  ২৩ ডিসেম্বর, ২০২২

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‌‘বাংলাদেশে সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার সমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছিলেন। তাই সব ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করছে।’

শুক্রবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে খ্রিস্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উদযাপন উপলক্ষে বড়লেখা উপজেলার ৪৭টি গির্জার অনুকূলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর কর্তৃক বরাদ্দকৃত ২৩ দশমিক ৫০০ মেট্রিক টন জি আর চাল বিতরণ করা হয়।

শাহাব উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করছে, তাই সবাই সমানভাবে উন্নতি করছে।’

উপস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, ‘সরকার আপনাদের সন্তানদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করছে। তাদের নিয়মিতভাবে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। যেকোনও প্রয়োজনে সরকার আপনাদের অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজউদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.