Sylhet Today 24 PRINT

গুগলে ডাক পেয়েছেন তাহিরপুরের লিমন

সিলেটটুডে ডেস্ক |  ২৪ ডিসেম্বর, ২০২২

পৃথিবী বিখ্যাত জনপ্রিয় সার্চ ইঞ্জিন ‘গুগল’ এ সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য ডাক পেয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লিমন মিয়া। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী।

গত মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিশ্বের সর্ব বৃহৎ টেক জায়ান্ট গুগল লিমনকে তাদের তাইওয়ান অফিসে যোগদানের জন্য একটি অফিসিয়ালি পত্র প্রেরণ করেছেন। আগামী মার্চ মাসে তাইওয়ানের গুগল অফিসে যোগ দেবেন তিনি।

লিমন ১৯৯৫ সালের ১ এপ্রিল সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সদর ইউনিয়ন রতনশ্রী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রয়াত আকিকুর রেজা ছিলেন ব্যবসায়ী। মা সেনারুল বেগম গৃহিণী।

লিমন ২০১১ সালে তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি সম্পন্ন করেন। ২০১৩ সালে সিলেট সরকারি কলেজ থেকে এইসএসসি সম্পন্নের পর ২০১৩-১৪ সেশনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হন। সেখানে অধ্যয়নরত অবস্থায় ২০১৮ সালে স্যামসাং বাংলাদেশ এর অফিসে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন।

লিমন বলেন, কম্পিউটার সাইন্সে যারা লেখাপড়া করেন, তাদের সবারই ইচ্ছে থাকে গুগল এর মত কোন না কোন প্রতিষ্ঠানে কাজ করার। গুগলের ইন্টারভিউ প্রসেসিংটা অনেক লম্বা ছিল। ৪-৫ মাসে অনেকগুলো রাউন্ড প্রসেস হওয়ার পর গত ২০ ডিসেম্বর ফাইনালি গুগলে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার অফারটা পেয়েছি। আগামী মার্চে তাইওয়ানের গুগল অফিসে যোগদান করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.