Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে জামায়াত-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া

হবিগঞ্জ প্রতিনিধি: |  ২৪ ডিসেম্বর, ২০২২

হবিগঞ্জে জামায়াত ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে শহরের শায়েস্তানগরে জামায়াত মিছিল বের করলে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় জামায়াতের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জামায়াতের নেতাকর্মীরা ১০ দফা দাবি নিয়ে শহরের শায়েস্তানগর এলাকায় গণমিছিল বের করেন।

এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং ব্যানার নিয়ে যায়। তখন জামায়াত নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, শায়েস্তানগরে জামায়াতের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ ঘটনায় কেউ আহত হননি। কাউকে আটকও করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.