Sylhet Today 24 PRINT

সিলেটে কামাল হত্যার আসামিরা অধরা, বিচার দাবিতে বিএনপির নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: |  ২৫ ডিসেম্বর, ২০২২

সিলেট জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ফ ম কামাল হত্যা মামলার প্রধান আসামি আজিজুর রহমান সম্রাটসহ অধিকাংশ আসামি এখনও অধরা। র‍্যাব ও পুলিশ একাধিক অভিযান চালিয়েও তাদের গ্রেপ্তার করতে পারেনি। তবে প্রায় দেড় মাস পর সিলেট জেলা বিএনপি নতুন করে কর্মসূচি দিয়েছে।

এ হত্যা মামলায় প্রথমদিকে তিন আসামি গ্রেপ্তার হয়। এর পর সিলেটে বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কৌশলী ভূমিকায় ছিল বিএনপি। এতে কামাল হত্যাকাণ্ড ঘিরে কর্মসূচি চাপা পড়ে যায়।

আজ রোববার নগরীর একটি হোটেলে এক সভায় নতুন কর্মসূচির ঘোষণা আসে।

কামাল হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আগামী ১ জানুয়ারি দুপুর ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি ও ৮ জানুয়ারি সকাল ১১টায় সিলেট শহীদ মিনারে মানববন্ধন করবে দলটি।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, জেলা ও উপজেলা বিএনপির পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে। এরপর মানববন্ধন হবে। আসামিরা গ্রেপ্তার না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে।

গত ৬ নভেম্বর সন্ধ্যায় নগরীর আম্বরখানায় সন্ত্রাসীদের ছুরিকাঘাটে নিহত হন সিলেট জেলা বিএনপি নেতা কামাল। ঘটনার দুই দিন পর নিহতের ভাই মইনুল ইসলাম বিমানবন্দর থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। পরে আসামি মিশু, মনা মিয়া ও কুটি মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব-পুলিশ।

বিমানবন্দর থানার ওসি খান মোহাম্মদ মাইনুল হক জাকির বলেন, ‘আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিগগির ভালো খবর দেওয়া যাবে।’

প্রসঙ্গত, কামাল হত্যার পর আলোচনায় আসে বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকার আতাপুরের বাসিন্দা কথিত ছাত্রলীগ নেতা সম্রাট। সে দীর্ঘদিন ধরেই ছাত্রলীগের নাম ব্যবহার করে নানা অপরাধ করে আসছে। বিএনপি নেতা কামাল খুনের পর আলোচনায় উঠে আসে সম্রাট। তাকে গ্রেপ্তারের গুজব রটলেও তা নিশ্চিত করেনি র‍্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.