Sylhet Today 24 PRINT

এসএসসির ফল পুনর্নিরীক্ষণে সিলেট বোর্ডে আরও ৪১ জন পাস

নিজস্ব প্রতিবেদক: |  ২৬ ডিসেম্বর, ২০২২

সিলেট বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে অকৃতকার্য আরও ৪১ জন পাস করেছেন। এ ছাড়া নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন।

আজ রোববার সকালে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার ফল পুনর্নিরীক্ষণে ফলাফল পরিবর্তন হয়েছে ১৯০ জনের। এর মধ্যে পুনর্নিরীক্ষণের পর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। এর আগে গত ২৮ নভেম্বর প্রকাশিত এসএসসির ফলাফলে সিলেট বোর্ড থেকে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৬৫ জন। ফলাফল পুনর্নিরীক্ষণের পর এ সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭ হাজার ৬০৩ জন হয়েছে।

এ ছাড়া বোর্ডের প্রকাশিত ফলাফলে ৯০ হাজার ৯৪৮ জন কৃতকার্য হওয়ার বিষয়টি জানানো হয়। পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২। তবে ফলাফল পুনর্নিরীক্ষণে নতুন করে পাস করেছেন ৪১ জন। এ নিয়ে ৯০ হাজার ৯৮৯ জন কৃতকার্য হয়েছেন।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ চন্দ্র পাল বলেন, পুনর্নিরীক্ষণে ১৯০ জনের জিপিএ পরিবর্তন হয়েছেন। এর মধ্যে নতুন করে পুনর্নিরীক্ষণে পাস করেছেন ৪১ জন ও জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। এ ছাড়াও সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছেন একাধিক জন। অকৃতকার্য হয়েও জিপিএ পরিবর্তন হয়েছে একাধিক পরীক্ষার্থীর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.