Sylhet Today 24 PRINT

সিলেটে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ডিসেম্বর, ২০২২

পৌষের মাঝামাঝি সময়ে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিপাতের প্রবণতা আগামী দুইদিন অব্যাহত থাকতে পারে ও তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, সিলেট অফিস।

সোমবার (২৬ ডিসেম্বর) সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী সিলেটটুডে টোয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করে জানান, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে এই বৃষ্টি হচ্ছে। সিলেটে এই বৃষ্টি আগামীকাল মঙ্গলবারও কিছুটা থাকবে।

সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৬২ দিন পর জেলায় আজ সোমবার সকাল ছয়টার পর ৮ দশমিক ৬ মি.মি. বৃষ্টি হয়েছে। পৌষ মাসের মাঝামাঝি সময় হলেও সিলেটে এবার শীতের তীব্রতা কম। তবে আজকের বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সেটা খুব একটা বেশি নয়।

সাঈদ আহমদ চৌধুরী বলেন, আজ সকালে যে বৃষ্টি হয়েছে সেটির পূর্বাভাস ১০ দিন আগেই জানা গিয়েছিল। পুরো জেলাতেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আগামীকাল মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটি জেলার সব জায়গায় হওয়ার সম্ভাবনা কম। এলাকাভেদে বৃষ্টি হতে পারে। বৃষ্টি শেষে জানুয়ারির শুরুতে শীতের তীব্রতা বাড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.