Sylhet Today 24 PRINT

অশুভ শক্তিকে প্রতিহতে ঐক্যবদ্ধ থাকতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি: |  ২৬ ডিসেম্বর, ২০২২

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেছেন, ‘এক বছর পর জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন সামনে রেখে অশুভ শক্তি অনেক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। অশুভ শক্তিকে প্রতিহত করতে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ সংখ্যালঘু বলবেন না, এই দেশে সংখ্যালঘু কেউ নয়। আমরা সব বাঙালি মিলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি।’

আজ সোমবার দুপুরে সুনামগঞ্জের জেলা প্রশাসক সম্মেলনে কক্ষে ধর্ম মন্ত্রণালয় আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ফেসবুকের অপব্যবহারের মাধ্যমে দেশের শান্তি বিনষ্ট করার লক্ষ্যে একটি বিরোধী শক্তি কাজ করে যাচ্ছে। এরা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে তৎপর রয়েছে। উস্কানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের বিচার হবে। আইন অনুযায়ী তাদের শাস্তির আওতায় আনা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ। বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এই অসাম্প্রদায়িক দেশকে টিকিয়ে রাখার জন্য যা করা দরকার সবই আমরা করব।’

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।

জেলা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রজত কান্তি সোম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা মজিবুর রহমান, সুনামগঞ্জ প্রেস বিটারিয়ান গির্জার সাধারণ সম্পাদক ডেনিস চক্রবর্তী, সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, মিঠু বড়ূয়া প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.