Sylhet Today 24 PRINT

সিলেটে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজনের

নিজস্ব প্রতিবেদক: |  ২৭ ডিসেম্বর, ২০২২

প্রতীকী ছবি

ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার রশিদপুরে যাত্রীবাহী বাস ও গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন পিকআপের চালক মো. সাজন (২৮)।

মঙ্গলবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

নিহত সাজন সুনামগঞ্জের ছাতক উপজেলার বড়গল্লা গ্রামের আলীর ছেলে।

দক্ষিণ সুরমা থানার পরিদর্শক সুমন কুমার চৌধুরী জানিয়েছেন, সিলেটগামী বিআরটিসি বাসের সঙ্গে গ্যাস সিলিন্ডারবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সাজন মারা যান। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাস ও ট্রাককে সারিয়ে যাত্রীদের উদ্ধার করেন। ঘটনার পর দক্ষিণ সুরমা থানা পুলিশ বাস ও পিকআপটি জব্দ করেছে।

এর আগে সোমবার সিলেটের গোলাপগঞ্জ সড়কের হিলালপুরে ট্রাকের ধাক্কায় মারা যান মোটরসাইকেল আরোহী কুচাই দক্ষিণ পাড়ার জবরুল ইসলাম।

প্রসঙ্গত, রশিদপুর নামক ওই স্থানে প্রতিবছরই একাধিক সড়ক দুর্ঘটনা ঘটে। বছরখানেক আগে সড়ক দুর্ঘটনা রোধে তিন উপজেলার লোকজন স্পিড ব্রেকার নির্মাণ দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন। তাদের দাবির প্রেক্ষিতে একাধিক স্পিড ব্রেকার নির্মাণ করা হলেও রোধ হয়নি সড়ক দুর্ঘটনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.